জাতীয়
ছবি: সংগৃহীত

রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে ১২ জনের মৃত্যু, পরিচয় মিলেছে।

নিজেস্ব প্রতিবেদক:

কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার একটি লেভেল ক্রসিংয়ে ট্রেন ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। একই পরিবারের এক মা ও দুই শিশু এবং একটি স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনাও রয়েছে তালিকায়।

রোববার (২২ মার্চ) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে হিমঘর সূত্রে নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়। এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে যশোরের লাইজু আক্তার (২৬), তার দুই মেয়ে খাদিজা (৬) ও মরিয়ম (৩) রয়েছে। একই জেলার চৌগাছা এলাকার সিরাজুল ইসলাম (৭০) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৫৫) প্রাণ হারান এই ঘটনায়।

এ ছাড়া নিহতদের তালিকায় আছেন চাঁদপুরের তাজুল ইসলাম (৬৭), ঝিনাইদহের জুহাদ বিশ্বাস (২৪), নোয়াখালীর বাবুল চৌধুরী (৫৫), মাগুরার ফচিয়াব রহমান (২৬), চুয়াডাঙ্গার সোহেল রানা (২৫), নোয়াখালীর রায়হান (৪৫) এবং লক্ষ্মীপুরের সাঈদা (৯)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম রেলপথে একটি মেইল ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। একই সময় নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত ঠেলে নিয়ে যায়, ফলে বাসটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বহু যাত্রীর মৃত্যু হয়।

মতামত দিন