জাতীয়
ছবি: সংগৃহীত

পদ্মায় আকস্মিক ঝড়ের মুখে পড়ে ডুবল তিন সিমেন্টবোঝাই ট্রলার।

নিজেস্ব প্রতিবেদক:

শরীয়তপুরের নড়িয়া এলাকায় পদ্মা নদীতে আকস্মিক ঝড়ের মুখে পড়ে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে। তবে সৌভাগ্যক্রমে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি; চালক ও শ্রমিকরা সাঁতরে নিরাপদে তীরে উঠতে পেরেছেন।

শুক্রবার (২০ মার্চ) দুপুরের দিকে উপজেলার বাঁশতলা সংলগ্ন নদীপথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায়, ঢাকার দিক থেকে সিমেন্ট নিয়ে ট্রলার তিনটি ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর উদ্দেশে যাচ্ছিল।

পথিমধ্যে নড়িয়ার অংশে পৌঁছানোর পর হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়। দমকা হাওয়া ও উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারগুলো নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খান চালকরা। পরিস্থিতি সামাল দিতে তীরের দিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও ঢেউয়ের তোড়ে একে একে তিনটি ট্রলারই ডুবে যায়।

ট্রলার চালকদের ভাষ্য অনুযায়ী, প্রতিটিতে বিপুল পরিমাণ সিমেন্ট ছিল—সব মিলিয়ে অন্তত ছয় হাজার ব্যাগ। তবে দুর্ঘটনার সময় দ্রুত সিদ্ধান্ত নিয়ে সবাই পানিতে ঝাঁপ দেন এবং সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

ঘটনার বিষয়ে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল জানান, ঝড়ের কারণে ট্রলারডুবির খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

মতামত দিন