এমপিও শিক্ষকদের ভাতা বাড়াতে নতুন প্রস্তাব।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর বিষয়ে সরকারে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ ভাতা বর্তমান হার থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এই প্রস্তাব দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে পাঠানো এক ডি.ও. লেটারে বিষয়টি তুলে ধরেন।
প্রস্তাবে বলা হয়েছে, দেশের শিক্ষা ব্যবস্থায় বেসরকারি শিক্ষকদের অবদান দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ হলেও তাদের আর্থিক সুবিধা তুলনামূলক কম। এ কারণে তাদের জীবনযাত্রা ও সামাজিক অবস্থানের ওপর প্রভাব পড়ছে।
বর্তমানে প্রায় ৬ লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন। এই হার ১০ শতাংশ বাড়ানো হলে তাদের আর্থিক সুরক্ষা কিছুটা জোরদার হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
তবে ভাতা বৃদ্ধির ফলে সরকারের ব্যয়ও বাড়বে। হিসাব অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে বছরে অতিরিক্ত প্রায় ১৯০ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা খাতে আরও প্রায় ৯৫ কোটি ৮০ লাখ টাকা প্রয়োজন হবে।
এই অতিরিক্ত অর্থের যোগান দিতে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ রাখার অনুরোধ জানানো হয়েছে।

মতামত দিন