জাতীয়
ছবি: সংগৃহীত

বেশি ভাড়া আদায় ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা আইজিপির।

নিজেস্ব প্রতিবেদক:

ঈদ সামনে রেখে সড়কপথে যাত্রীদের ভোগান্তি কমাতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। তিনি বলেন, এবার ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি জানান, ঈদ মৌসুমে দীর্ঘ যানজটের কারণে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হয়। এ সমস্যা কমাতে ট্রাফিক বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে অপ্রয়োজনীয় যানজট তৈরি না হয়। স্থানীয় পর্যায়েও পুলিশ সক্রিয়ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যেখানে-সেখানে গাড়ি পার্কিং এবং নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা করানোই মূলত যানজটের বড় কারণ। এ বিষয়ে সবাই সচেতন হলে সড়কের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রাখা সম্ভব হবে।

ভাড়া বেশি নেওয়ার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে আলী হোসেন ফকির বলেন, যাত্রীরা সরাসরি পুলিশকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন