ঈদ যাত্রায় স্বস্তি আনতে আজ থেকে মহাসড়কে যেসব যান চলাচলে নিষেধাজ্ঞা।
ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।
তবে সব ধরনের পণ্যবাহী যান এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না। খাদ্যদ্রব্য, দ্রুত নষ্ট হয় এমন পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি পরিবহনকারী যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।
একই সঙ্গে মহাসড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্কিং না করার নির্দেশনাও দেওয়া হয়েছে, যাতে যান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে।
যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন ১৬১০৭ ছাড়াও নির্ধারিত মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে, ১২ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও একই সময়ের জন্য এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়, যাতে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করা যায়।

মতামত দিন