জাতীয়
ছবি: সংগৃহীত

দুই বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপির লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী দুই বছরের মধ্যে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য। তিনি বলেন, দেশের মানুষ পাশে থাকলে যেকোনো পরিকল্পনা কার্যকর করা সম্ভব।

মানুষের ভাগ্য পরিবর্তন করাই দলের রাজনীতির মূল লক্ষ্য।

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খালে খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “আমরা যারা বিএনপি করি, আমাদের কাজ হলো এমন উদ্যোগ নেওয়া যা মানুষের উপকারে আসে এবং মানুষ খুশি হয়। সেই কারণেই আজ আমরা সাহাপাড়া খাল খননের আনুষ্ঠানিক উদ্বোধনে এখানে একত্রিত হয়েছি।”

প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের গুরুত্ব নিয়ে প্রধানমন্ত্রী বলেন, কাজ সম্পূর্ণ হলে প্রায় ৩১ হাজার কৃষক সেচ সুবিধা পাবেন। খালের মাধ্যমে ১২০০ হেক্টর জমির সেচ সম্ভব হবে এবং সাড়ে তিন লাখ মানুষ পানি ব্যবহার করতে পারবে। এছাড়া, ফসল উৎপাদনেও প্রায় ৬০ হাজার মেট্রিক টন বৃদ্ধি আশা করা হচ্ছে।

তিনি বলেন, “সমগ্র দেশে পূর্বে থাকা অনেক খাল ভরাট হয়ে গেছে। নদী পর্যন্ত অনেক খাল বন্ধ। বর্ষার সময়ও খরা হয়, পানি পাওয়া যায় না। আমাদের লক্ষ্য বর্ষার পানি কাজে লাগানো।”

বিএনপির রাজনীতি মানুষের অর্থনৈতিক উন্নয়নের ওপর ভিত্তি করে উল্লেখ করে তিনি বলেন, “আজ যে মানুষ মাসে ৫ হাজার টাকা আয় করছে, আমরা চাই দুই-চার বছরের মধ্যে তা ৫ থেকে ১০ হাজার টাকায় পৌঁছাক। যে ২ হাজার টাকার আয় করছে, তারও ইনকাম দ্বিগুণ করার পদক্ষেপ নেব। এটাই আমাদের রাজনীতি, শহীদ জিয়ার রাজনীতি, খালেদা জিয়ার রাজনীতি এবং নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ একটি বৃহৎ দেশ, এখানে ২০ কোটি মানুষ বাস করছে। এই মানুষদের খাদ্যের চাহিদা মেটানো বিদেশ থেকে সম্ভব নয়। আমাদের দেশে উৎপাদন করতে হবে এবং খাল খননের মতো প্রকল্প সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মতামত দিন