শিক্ষা খাতে বড় উদ্যোগ,মিড ডে মিল ও সিঙ্গেল কারিকুলাম চালু হবে:প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, দেশের সব সরকারি স্কুলে ধাপে ধাপে মিড ডে মিল কার্যক্রম চালু হবে। সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষা খাতের আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রথমে সব উপজেলার সরকারি স্কুলে এই প্রকল্প কার্যকর হবে এবং পরে সারাদেশের সব স্কুলে সম্প্রসারিত করা হবে। সরকারের লক্ষ্য, বাংলা, ইংরেজি ও ইবতেদায়ী সহ সব মাধ্যমের শিক্ষার্থীরা সমমানের শিক্ষা পাবে, যাতে ১২ বছর পড়াশুনার শেষে সবাই সমানভাবে দক্ষ হতে পারে।
ববি হাজ্জাজ আরও জানান, সংস্কৃতি ও খেলাধুলাকেও কারিকুলামে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া জুন থেকে শুরু হবে এবং দুই থেকে তিন বছরের মধ্যে তা বাস্তবায়িত হবে। তিনি বলেন, আগামী ১০ বছরে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবে, এবং প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের হাতে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া হবে।
তিনি কোচিংয়ের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যও তুলে ধরেন, উল্লেখ করে যে, স্কুলের বাইরে অতিরিক্ত অর্থ খরচ করে পড়াশুনা করানোর প্রয়োজন আর থাকবে না। প্রতিমন্ত্রী বলেন, ইশতেহার বাস্তবায়নের জন্য আগামী ৫ বছরে শিক্ষাখাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
মতামত দিন