মেঘনায় যাত্রীবাহী লঞ্চে জাটকা পাচার,৪ টনের বেশি মাছ জব্দ এতিমখানা ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে রাতভর অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। যাত্রীবাহী একটি লঞ্চ ব্যবহার করে নিষিদ্ধ জাটকা পাচারের চেষ্টা চালাচ্ছিল একটি চক্র—এমন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
বুধবার গভীর রাতে ভোলা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা এমবি মিতালী–০৭ নামের একটি লঞ্চে তল্লাশি চালানো হয়। মেঘনা নদীর এখলাশপুর এলাকার কাছে লঞ্চটি থামিয়ে তল্লাশি শেষে পাওয়া যায় মোট ৪ হাজার ১৫০ কেজি জাটকা, যা আনুমানিক ১০৩ মণ ৩০ কেজির সমান।
কোস্টগার্ডের মোহনপুর আউটপোস্টের সহায়তায় পরিচালিত এই অভিযানে অংশ নেন মতলব উত্তর উপজেলার মৎস্য বিভাগের কর্মকর্তারা। পরদিন সকালে উদ্ধার করা জাটকা স্থানীয় এতিমখানা ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।
অভিযানকালে উপস্থিত উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে একটি অসাধু মহল নিয়মিত নদীপথে জাটকা পরিবহনের চেষ্টা করছে। বিশেষ করে যাত্রীবাহী লঞ্চ ব্যবহার করে মাছ পাচার করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি বলেন, “জাটকা ধরা, বহন ও বাজারজাত করা শাস্তিযোগ্য অপরাধ। এই প্রবণতা বন্ধ করা না গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়বে।”
মৎস্য বিভাগ জানিয়েছে, মেঘনা ও আশপাশের নদীপথে নজরদারি আরও জোরদার করা হয়েছে। জাটকা সংরক্ষণে কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন