জাতীয়
ছবি: সংগৃহীত

রাজধানীর স্কুলে শিশুর ওপর শিক্ষকের নির্যাতন,সিসিটিভি ভিডিও ঘিরে তীব্র সমালোচনা।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর নয়াপল্টন এলাকায় অবস্থিত একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক শিশুশিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দা জানাচ্ছেন সাধারণ মানুষ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্কুল ইউনিফর্ম পরা আনুমানিক ৩ থেকে ৪ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর গোলাপি শাড়ি পরা এক নারী শিক্ষক শিশুটিকে টেবিলের সামনে বসিয়ে একাধিকবার চড় মারেন এবং উচ্চস্বরে বকাঝকা করেন। একই সময় সেখানে উপস্থিত এক পুরুষ শিক্ষক শিশুটির মুখের সামনে স্ট্যাপলার ধরে ভয় দেখান।

সিসিটিভি ফুটেজের টাইমস্ট্যাম্প অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা ৫১ মিনিটে।

পুলিশ জানিয়েছে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তারা দ্রুত ঘটনাস্থল শনাক্ত করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনাটি নয়াপল্টনের ‘শারমিন একাডেমি’ নামের একটি স্কুলে ঘটেছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের থানায় উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, ভিডিও পর্যালোচনা করে নির্যাতনের সঙ্গে জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক শারমিন আক্তার। তাদের থানায় হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ঘটনাটি সামনে আসার পর শিশু নির্যাতন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবক ও বিভিন্ন সচেতন মহল।

মতামত দিন