মসজিদে ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের জাতীয় বেতন স্কেল নির্ধারণ করে গেজেট প্রকাশ।
সরকার দেশের মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করতে এবং ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে নতুন নীতিমালা নিয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বিভিন্ন পদভিত্তিক গ্রেড নির্ধারণ করেছে।
এই প্রজ্ঞাপন সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। নীতিমালা প্রণয়নের সময় মন্ত্রণালয় একটি বিশেষ কমিটি গঠন করেছিল। কমিটি দেশের প্রখ্যাত আলেম-ওলামা, ইমাম-খতিব ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক মতবিনিময় সভা করেছে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নতুন নীতিমালা অনুযায়ী, মসজিদে খতিব ছাড়াও অন্যান্য কর্মীদের বেতন কাঠামো গ্রেডভিত্তিক নির্ধারণ করা হয়েছে। আর্থিকভাবে অসচ্ছল বা ছোট মসজিদের ক্ষেত্রে বেতন ও ভাতা সংশ্লিষ্ট মসজিদের সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় বেতন স্কেলে মসজিদের পদভিত্তিক গ্রেড:
ইমাম: সিনিয়র পেশ ইমাম: ৫ম গ্রেড,পেশ ইমাম: ৬ষ্ঠ গ্রেড,ইমাম: ৯ম গ্রেড
মুয়াজ্জিন: প্রধান মুয়াজ্জিন: ১০ম গ্রেড,সাধারণ মুয়াজ্জিন: ১১তম গ্রেড
খাদিম: প্রধান খাদিম: ১৫তম গ্রেড,সাধারণ খাদিম: ১৬তম গ্রেড
অন্যান্য কর্মী: নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী: ২০তম গ্রেড
সরকারি কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে মসজিদভিত্তিক জনবল ব্যবস্থাপনায় শৃঙ্খলা সৃষ্টি হবে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং তাদের সামাজিক মর্যাদা আরও সুসংহত হবে।

মতামত দিন