জাতীয়
ছবি: সংগৃহীত

দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া,দিতে হবে ছাদ-মূল গেটের চাবি নতুন নির্দেশনা দিল ডিএনসিসি

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীতে বাড়িভাড়া সংক্রান্ত দীর্ঘদিনের অস্পষ্টতা ও বিরোধ কমাতে নতুন দিকনির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ভাড়াটিয়া ও বাড়িওয়ালা—উভয় পক্ষের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ বাস্তবায়নে একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে সংস্থাটি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) গুলশানে ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্দেশিকাটি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, বাড়িভাড়া নিয়ে অনিয়ম ও হয়রানি কমাতে এই নির্দেশনা কার্যকর ভূমিকা রাখবে।

নির্দেশিকায় বলা হয়েছে, বাড়িওয়ালাকে বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে। নিরবচ্ছিন্ন পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ, নিয়মিত বর্জ্য সংগ্রহসহ মৌলিক সেবা বজায় রাখতে হবে। একই সঙ্গে ছাদ, বারান্দা ও খোলা জায়গায় সবুজায়নের ব্যবস্থা করতে হবে। নিরাপত্তার স্বার্থে অগ্নিকাণ্ড বা দুর্যোগের ঝুঁকি বিবেচনায় প্রতিটি ভাড়াটিয়াকে ছাদ ও মূল ফটকের চাবি দিতে হবে।

ভাড়া পরিশোধের ক্ষেত্রে বলা হয়েছে, ভাড়াটিয়াকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া দিতে হবে এবং বাড়িওয়ালাকে অবশ্যই লিখিত ও স্বাক্ষরযুক্ত রশিদ প্রদান করতে হবে। ভাড়াটিয়ার যাতায়াত বা প্রবেশাধিকার অযৌক্তিকভাবে সীমিত করা যাবে না। নিরাপত্তাজনিত কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের আগে ভাড়াটিয়ার সম্মতি নেওয়ার বিষয়টিও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

ভাড়া বৃদ্ধি সংক্রান্ত অংশে বলা হয়েছে, মানসম্মত ভাড়া কার্যকর হওয়ার পর কমপক্ষে দুই বছর ভাড়া অপরিবর্তিত থাকবে। এই সময়ের আগে কোনো অবস্থাতেই ভাড়া বাড়ানো যাবে না। দুই বছর পর জুন–জুলাই মাসে আলোচনার মাধ্যমে ভাড়া সমন্বয় করা যাবে, তবে তা সংশ্লিষ্ট এলাকার বাজারদরের সর্বোচ্চ ১৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, ভাড়া দিতে ব্যর্থ হলে বাড়িওয়ালা প্রথমে মৌখিকভাবে তাগাদা দেবেন। তাতেও সমাধান না হলে লিখিত নোটিশ দিয়ে সর্বোচ্চ দুই মাসের সময় বেঁধে দিতে পারবেন। আবাসিক ভবনের ক্ষেত্রে উভয় পক্ষই দুই মাসের নোটিশে চুক্তি বাতিল করতে পারবেন।

চুক্তির বিষয়ে স্পষ্ট নির্দেশনায় বলা হয়েছে, ভাড়া, অগ্রিম জমা, ভাড়া বৃদ্ধির শর্ত ও বাড়ি ছাড়ার সময়—সবকিছু লিখিত চুক্তিতে উল্লেখ থাকতে হবে। অগ্রিম ভাড়া এক থেকে তিন মাসের বেশি নেওয়া যাবে না।

বাড়িভাড়া সংক্রান্ত বিরোধ মীমাংসায় ওয়ার্ডভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমিতি গঠনের কথাও বলা হয়েছে। স্থানীয় পর্যায়ে সমাধান না হলে বিষয়টি সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে জানানো যাবে। প্রয়োজনে জোনভিত্তিক মতবিনিময় সভার মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থার কথাও নির্দেশিকায় উল্লেখ রয়েছে।

মতামত দিন