উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে অগ্নিকাণ্ড, পুড়েছে শতাধিক স্থাপনা।
মধ্যরাতের নীরবতা ভেঙে হঠাৎ ছড়িয়ে পড়ে আগুন। ঘুমন্ত রোহিঙ্গা ক্যাম্প মুহূর্তের মধ্যে পরিণত হয় আতঙ্কের জনপদে।
সোমবার (১৯ জানুয়ারি) গভীর রাতে পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই ক্যাম্পের বাসিন্দারা জীবন বাঁচাতে দিগ্বিদিক ছুটে পড়েন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ১৬ নম্বর ক্যাম্পের ডি–৪ ব্লকে অবস্থিত একটি শিখন কেন্দ্র থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই তা পাশের বসতঘর ও অস্থায়ী শেডে ছড়িয়ে পড়ে। গভীর রাতে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, খবর পাওয়ার পর প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ইউনিট যুক্ত হয়ে প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৫টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, প্রাথমিক হিসাবে অন্তত ৪৪৮টি ঘর, ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান, দুটি মসজিদ ও একটি মক্তব আগুনে পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে।
এর আগেও উখিয়ার বিভিন্ন ক্যাম্পে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল সম্পূর্ণ পুড়ে যায়। তার আগের দিন কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে আগুনে ক্ষতিগ্রস্ত হয় অন্তত ১০টির বেশি ঘর।

মতামত দিন