বিমানবন্দরসংলগ্ন নীরব এলাকায় হর্ন বাজালে জেল-জরিমানা, কড়া অবস্থানে ডিএমপি।
শব্দদূষণ রোধে রাজধানীর কয়েকটি অভিজাত ও সংবেদনশীল এলাকায় যানবাহনের হর্ন ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক নির্দেশনায় ডিএমপি জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞার আওতায় গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাও রয়েছে।
ডিএমপির বার্তায় উল্লেখ করা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন গত বছরের সেপ্টেম্বর মাসে বিমানবন্দর এলাকা এবং এর উত্তর ও দক্ষিণে প্রায় দেড় কিলোমিটার বিস্তৃত অঞ্চলকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করে। এই অংশটি উত্তরা স্কলাস্টিকা স্কুল থেকে শুরু করে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত বিস্তৃত।
সড়ক পরিবহন আইন-২০১৮ এবং সম্প্রতি জারি হওয়া ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫’ অনুযায়ী, নীরব এলাকায় হর্ন ব্যবহার একটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাস পর্যন্ত কারাদণ্ড, কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
ডিএমপি আরও জানায়, নতুন বিধিমালার আওতায় শব্দদূষণকারীদের বিরুদ্ধে সরাসরি ও তাৎক্ষণিকভাবে জরিমানা আদায়ের ক্ষমতা এখন পুলিশের হাতে রয়েছে। ঘোষিত নীরব এলাকাগুলোতে আইন ভঙ্গকারীদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়েছে।
মতামত দিন