ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন রোগী।
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে চলাচলরত একটি অ্যাম্বুলেন্সে আগুন লেগে পুরো যানটি পুড়ে গেছে। তবে সময়মতো গাড়ি থেকে নামতে পারায় রোগীসহ চারজনের প্রাণহানি হয়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ৩টার দিকে কুচিয়ামোড়া ওভারব্রিজের ওপর মাওয়ার দিক থেকে যাওয়া একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে মাগুরার দিকে যাচ্ছিল। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে চালক ও যাত্রীরা দ্রুত নেমে যান।
ঘটনার পর নিরাপত্তার কারণে প্রায় ৪০ মিনিট এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সিরাজদীখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হয়নি।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সটির গ্যাস লাইনে ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন