আসিফ মাহমুদের দুর্নীতির বিচার দেশেই হবে: ছাত্রদল সম্পাদক।
সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিচার বাংলাদেশেই হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
সোমবার (১৯ জানুয়ারি) জাতীয় নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করবে দেশের জনগণ এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নাছির উদ্দিন দাবি করেন, জুলাই-আগস্টের রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর উপদেষ্টা পদে গিয়ে আসিফ মাহমুদ বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন। তার ভাষায়, “হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, এর দায় এড়ানো যাবে না।”
নির্বাচন কমিশনকে উদ্দেশ করে ছাত্রদল নেতা বলেন, নতুন বাংলাদেশের নামে জামায়াত-শিবির বা রাজাকারদের পুনর্বাসনের কোনো প্রচেষ্টা ছাত্রদল মেনে নেবে না। বিশেষ করে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে ব্যবহার করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে অন্তত দুটি রাজনৈতিক দল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জুলাই-আগস্টের আন্দোলনে সামনের সারিতে থাকা একটি ছাত্র সংগঠনের প্রতিনিধি উপদেষ্টা হয়ে পরে বড় অঙ্কের দুর্নীতিতে জড়িয়েছে—এমন অভিযোগও তোলেন তিনি।

মতামত দিন