জাতীয়
ছবি: সংগৃহীত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে, আতঙ্ক নেই: উপদেষ্টা রিজওয়ানা হাসান।

নিজেস্ব প্রতিবেদক:

পরিবেশ, বন, জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনার কাজ এখনো থেমে নেই। তিনি বলেন, “এটি একটি জটিল প্রকল্প, কিন্তু চীনের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা একটি প্রক্রিয়া সম্পন্ন করেছি, যাতে পরবর্তী সরকার দ্রুত এগোতে পারে।

তিনি আরও জানান, বর্তমান সরকারের সময়ে প্রকল্পের বাস্তব কাজ শুরু না হলেও অফিসিয়াল সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে তিস্তা তীরের মানুষরা এখনও খুশি নন। নদী বাঁচাও ও তিস্তা বাঁচাও আন্দোলনের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, প্রকল্প দ্রুত শুরু না হলে কঠোর আন্দোলনে নামবেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে কাউনিয়া উপজেলার তিস্তা রেলসেতু পয়েন্ট ও গাজীরহাট ১০ নম্বর ঘাট এলাকা পরিদর্শন করেন রিজওয়ানা হাসান। তাঁর সঙ্গে ছিলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রিজওয়ানা হাসান জানান, পাঁচ জেলার মানুষ ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রকল্পের বাস্তবতা যাচাই করা হয়েছে এবং চীনের বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চীনা প্রকৌশলীরা পরীক্ষামূলকভাবে কাজ শুরু করেছেন।

তিনি বলেন, “তিস্তা মহাপরিকল্পনার মূল লক্ষ্য নদীভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করা। নদীর বাঁক শাসন করে এই তিনটি কাজ করা হবে।”

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে এবং এ জন্য কোনো ভূরাজনৈতিক চাপ নেই। তবে দীর্ঘদিন ধরে আশ্বাস পাওয়ার পরও তিস্তা তীরবর্তী মানুষের অসন্তোষ রয়েছে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, রংপুর জেলা প্রশাসক, উপদেষ্টার সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নদী বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা মনে করেন, প্রকল্প বাস্তবায়িত হলে কোটি কোটি টাকার ক্ষতি রোধ করা সম্ভব হবে।

মতামত দিন