আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ধর্ম উপদেষ্টা।
ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন বারবার বিপর্যয়ের দিকে যায়, তখন তা সরকারের ব্যর্থতার প্রতিফলন হিসেবে দেখা যায়। রোববার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যথাসাধ্য চেষ্টা করছে।
তিনি ময়মনসিংহে এক কিশোর পুড়িয়ে হত্যা ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে বলেন, কেউই নিজের হাতে আইন তুলে নিতে পারবে না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য ইতোমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দেওয়া হয়েছে।
ধর্ম উপদেষ্টা আরও জানান, প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও শাস্তি দেওয়া হবে। তিনি বলেন, “কেউ কি বলল, তা আমাদের বিবেচনার বিষয় নয়। আইনশৃঙ্খলা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, তবে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।”
তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া বজায় থাকবে। খালিদ হোসেন আরও বলেন, সরকার দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করছে, এবং মব জাস্টিস বা আইনশৃঙ্খলার অবনতিকে দমন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মতামত দিন