আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় জরুরি ব্রিফিং ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি ব্যাখ্যা দিতে আজ সংবাদ সম্মেলনে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় সচিবালয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’সহ সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া কার্যক্রমের অগ্রগতি গণমাধ্যমকে জানানো হবে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধী চক্র দমন এবং নিষিদ্ধ ফ্যাসিবাদী শক্তির তৎপরতা ঠেকাতে গত ১৩ ডিসেম্বর থেকে সারাদেশে যৌথবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে গত এক সপ্তাহে প্রায় ছয় হাজারের কাছাকাছি মানুষকে আটক করা হয়েছে। অভিযানের সময় বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানা গেছে।
এর মধ্যেই শনিবার রাজধানীর শাহবাগ এলাকায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ ওই কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন। পাশাপাশি তারা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণাও আসে সমাবেশ থেকে।
মতামত দিন