জাতীয়
ছবি: সংগৃহীত

শহীদ হাদির জানাজা ঘিরে ডিএমপির কঠোর নিরাপত্তা।

নিজেস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জানাজা উপলক্ষে এক হাজার বডি-ওর্ন ক্যামেরাসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

শনিবার (২০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, জানাজা ঘিরে জনসমাগমের কথা বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

ডিএমপি জানায়, আজ বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা থাকায় মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় যান চলাচলে সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, জানাজা চলাকালীন খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সড়ক অংশে যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সময় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

বিকল্প ব্যবস্থার অংশ হিসেবে মিরপুর রোড, ধানমন্ডি, আসাদগেট ও ফার্মগেটগামী যানবাহনের জন্য নির্দিষ্ট রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের ফার্মগেট এক্সিটের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহারের অনুরোধ করেছে পুলিশ।

ডিএমপি আরও জানিয়েছে, জানাজা ও দাফন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা এড়িয়ে চলাই শ্রেয়। নিরাপত্তাজনিত কারণে জানাজায় অংশগ্রহণকারীদের ব্যাগ বা ভারী কোনো বস্তু সঙ্গে না আনতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

নগরবাসীর সহযোগিতায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ঢাকা মহানগর পুলিশ।

মতামত দিন