বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি আদায়ে নতুন নির্দেশনা জারি।
বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি নেওয়ার ক্ষেত্রে নতুন করে নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত নীতিমালার বাইরে গিয়ে কোনো ধরনের ফি আদায় করা যাবে না।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ শিক্ষাবর্ষ থেকে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (সংযুক্ত প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তর) শিক্ষার্থী ভর্তি ও টিউশন ফি আদায় করতে হবে সংশোধিত ভর্তি নীতিমালা অনুযায়ী। একই সঙ্গে ‘শিক্ষার্থী ভর্তি ফি ও টিউশন ফি নীতিমালা–২০২৪’-এর তফসিল ক, খ ও গ–তে নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না।
এ বিষয়ে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

মতামত দিন