জাতীয়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসছে ইইউর মিশন।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশে অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। স্থানীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে জোটটির কূটনৈতিক শাখা ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আসন্ন নির্বাচনে একটি পূর্ণাঙ্গ ইলেকশন অবজারভেশন মিশন (ইওএম) মোতায়েন করবে ইইউ। মিশনটির প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি ইভারস ইজাবস।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এই পর্যবেক্ষক দল সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে এবং পরবর্তী সময়ে তাদের পর্যবেক্ষণ ও মূল্যায়ন নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করবে। ইইউ মনে করে, এই মিশন গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনের শাসন নিশ্চিত করা এবং মানবাধিকার রক্ষায় বাংলাদেশের প্রতি তাদের সমর্থনের বাস্তব প্রতিফলন।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস বলেন, বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হবে।

মতামত দিন