জাতীয়
ছবি: সংগৃহীত

প্রবাসী ভোটে আগ্রহ বাড়ছে, পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধন ছাড়াল সাড়ে চার লাখ।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিদেশে অবস্থানরত ভোটারদের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালট–সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্মের তথ্যে এ চিত্র উঠে এসেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, অ্যাপটিতে মোট নিবন্ধন করেছেন ৪ লাখ ৫৬ হাজার ৭৭৯ জন ভোটার। তাদের মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ২৮ হাজার ৪৯৯ জন এবং নারী ভোটার ২৮ হাজার ২৭৮ জন।

এ ছাড়া একই অ্যাপ ব্যবহার করে দেশের ভেতর থেকেও নিবন্ধন করেছেন ৪৪ হাজার ৪২৮ জন। এই তালিকায় সরকারি চাকরিজীবী রয়েছেন ৪৪ হাজার ৩৬৯ জন এবং নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ৫৯ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবারই প্রথমবার তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোটগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এজন্য সংশ্লিষ্টদের নির্ধারিত অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হচ্ছে।

গত ১৯ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশরসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বহু দেশে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ইসি আরও জানিয়েছে, নিবন্ধন সম্পন্ন হলে ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোট প্রদান শেষে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পাঠাতে হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোট প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।

মতামত দিন