ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০৫।
সারাদেশে ডেঙ্গুর প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (২৪ নভেম্বর) হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে দেখা যায়, নতুন আক্রান্তদের বড় অংশই ঢাকাকেন্দ্রিক। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ১৭১ জন এবং দক্ষিণ সিটিতে ৭৭ জন। ঢাকার জেলা অংশে হাসপাতালে গেছেন আরও ১৩৭ জন।
রাজধানীর বাইরে বরিশাল বিভাগে ৬২ জন, চট্টগ্রামে ১১৬ জন, খুলনায় ৩৪ জন, ময়মনসিংহে ৫৩ জন, রাজশাহীতে ৩৪ জন, রংপুরে ৫ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রোগী ভর্তি হওয়ার তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৬৬ জনের প্রাণহানি ঘটেছে। এ সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৬৯–এ। আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৩ শতাংশ এবং নারীর হার ৩৭ দশমিক ৭ শতাংশ।

মতামত দিন