৬ দিনে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসীর নিবন্ধন ছাড়াল ২১ হাজার।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডাকযোগে ভোট দিতে মাত্র ছয় দিনের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ২১ হাজারের বেশি প্রবাসী ভোটার নাম নিবন্ধন করেছেন। নিবন্ধনসংখ্যায় শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ায় বসবাসকারী বাংলাদেশিরা।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ডাক বিভাগের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই তথ্য তুলে ধরে নির্বাচন কমিশন। সভায় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন। জানানো হয়, পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে ১৯ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে। এরপর রবিবার মধ্যরাত থেকে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলেও একই প্রক্রিয়া শুরু হয়। সব মিলিয়ে বিশ্বের ৬৮টি দেশে বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোট নিবন্ধন চলছে।
ইসির সর্বশেষ হিসাব অনুযায়ী, দক্ষিণ কোরিয়া থেকে প্রায় ৮ হাজার, জাপান থেকে প্রায় ৫ হাজার এবং দক্ষিণ আফ্রিকা থেকে আড়াই হাজারের মতো প্রবাসী ইতোমধ্যে অ্যাপে তথ্য জমা দিয়েছেন।
ইসি জানায়, পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে বাংলা বা ইংরেজি—যেকোনো ভাষায় প্রয়োজনীয় নথিপত্র ও ধাপগুলো দেখা যাবে। বিদেশে ব্যালট পাঠানোর ক্ষেত্রে সঠিক ঠিকানা দেওয়ার গুরুত্বও আলাদাভাবে উল্লেখ করেন কর্মকর্তারা।
মতামত দিন