জাতীয়
ছবি: সংগৃহীত

খুলনার দাকোপে জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে তিলডাঙ্গা ইউনিয়ন প্লাবিত।

নিজেস্ব প্রতিবেদক:

খুলনার দাকোপের মধ্যরাতে ঢাকী নদীর জোয়ারের চাপের কারণে ৩১নং পোল্ডারের তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া হরিসভা মন্দির এলাকায় আনুমানিক ২০০ ফুট ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এই ঘটনায় উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী ও আড়াখালী গ্রামসহ অন্তত পাঁচটি গ্রামে তিন শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন।

পানি বৃদ্ধির ফলে ঘরবাড়ি, মৎস্য ঘের, পুকুর ও ৩ হাজার বিঘা জমির আমন ফসল তলিয়ে গেছে। ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী জানিয়েছে, বাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ডের অবহেলা থাকায় পুরো ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সঞ্জয় সরকার বলেন, ভাঙন এবং পুনরাবৃত্তি প্রতিবছর মানুষের সর্বস্ব লুটে নেয়। উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন জানান, রাতের মধ্যে বাঁধ আটকাতে বালির টিউবসহ প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য শুকনো খাবার ও রান্নার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, ভাঙা অংশে পূর্বে জিও টিউব থাকলেও জোয়ারের চাপের কারণে ২৫ মিটার এলাকায় বাঁধ ভেঙে গেছে। বর্তমানে সংস্কার কাজ শুরু হয়েছে এবং দ্রুত মেরামতের আশা করা হচ্ছে।

মতামত দিন