জাতীয়
ছবি: সংগৃহীত

বেতন বকেয়া ও কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ।

নিজেস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ভালুকায় ওরিয়ন নিট টেক্সটাইল লিমিটেডে উৎপাদন বন্ধ ও বেতন বকেয়া রাখার প্রতিবাদে রোববার (৫ অক্টোবর) সকাল থেকে বিক্ষোভে নামেন কয়েক শতাধিক শ্রমিক। জামিরদিয়ার আইডিয়া মোড়ে জড়ো হয়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সমাবেশ ও মিছিল করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর থেকে অর্ডার সংকটের কারণে কারখানায় উৎপাদন কার্যক্রম  বন্ধ রয়েছে। মালিকপক্ষের কোনো ঘোষণা বা যোগাযোগ না থাকায় শ্রমিকদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বেতন না পাওয়া ও চাকরি হারানোর আশঙ্কায় প্রায় এক হাজার শ্রমিক এদিন সকাল থেকেই রাস্তায় অবস্থান নেন।

কারখানার শ্রমিক তোতা মিয়া বলেন, “ফ্যাক্টরিতে কর্মরত ৪২ জন স্টাফের আগস্ট মাসের বেতন এখনো দেওয়া হয়নি। এছাড়া চাকরি ছেড়ে যাওয়া ৫৩ জন শ্রমিকের প্রাপ্য বেনিফিটও বকেয়া রয়েছে।” তিনি আরও জানান, সময়মতো দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন।

শ্রমিকদের দাবি, ৮ অক্টোবরের মধ্যে বেতন-ভাতা পরিশোধ ও কাজের নিশ্চয়তা দিতে হবে, না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে খবর পেয়ে ভালুকা আর্মি ক্যাম্প, শিল্প পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার ফরহাদ হোসেন খান জানান, মালিকপক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বই বিক্ষোভের মূল কারণ। তিনি বলেন, “শিল্প পুলিশ ও উপজেলা প্রশাসন মালিক-শ্রমিক উভয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন পরিশোধের ব্যবস্থা করবে।”

মতামত দিন