ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারাদের চট্টগ্রামে মহাসড়ক অবরোধ।
চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের পর সরে গেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ও ওএসডি হওয়া কর্মকর্তারা। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে তারা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনে নামবেন।
এর আগে দুপুরের দিকে কয়েকশ চাকরিচ্যুত কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা ছয় দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেন। প্রায় সোয়া এক ঘণ্টা অবরোধ চলায় দীর্ঘ যানজট তৈরি হয় এবং কয়েক কিলোমিটারজুড়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
আন্দোলনকারীদের অভিযোগ, হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বয়কটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এ কারণে শুধু বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলেই প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীকে টার্মিনেশন ও ওএসডি করা হয়েছে।
তাদের মূল দাবি হলো— স্বপদে পুনর্বহাল, শাস্তিমূলক বদলি বন্ধ করা এবং জিডি ও সাইবার ক্রাইম আইনে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার।
অবরোধ শেষে নেতারা বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে পরবর্তী কর্মসূচি আরও কঠোর হবে।
মতামত দিন