জাতীয়
ছবি: সংগৃহীত

বিডার অনলাইন ওএসএস প্ল্যাটফর্মে যুক্ত হলো নতুন ৫টি সেবা।

নিজেস্ব প্রতিবেদক:

আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনের কনফারেন্স কক্ষে রোববার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে পাঁচটি নতুন সেবা উদ্বোধন করেছে।

নতুন যুক্ত হওয়া সেবাগুলো হলো— চুক্তিনামা নিবন্ধন দলিল, বায়না দলিল, ইজারা দলিল, ভূমি ক্রয় দলিল এবং আম-মোক্তারনামা দলিল ও নকল সরবরাহ।

এর আগে বিডার নিজস্ব ২৪টি সেবা এবং ৪৬টি সংস্থার ১৩৭টি সেবা প্ল্যাটফর্মে চালু ছিল। নতুন সেবাগুলো যুক্ত হওয়ার পর সংস্থার সংখ্যা বেড়ে ৪৭টি এবং সেবার সংখ্যা দাঁড়িয়েছে ১৪২টি।

প্রধান অতিথি চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, ১৬ ডিসেম্বরের পর নিবন্ধন অধিদপ্তরের এই সেবাগুলো আর ম্যানুয়ালি প্রদান করা হবে না। আগামী তিন মাসের মধ্যে সেবার অগ্রগতি পর্যালোচনা করা হবে। এছাড়া বিডা ও অন্যান্য বিনিয়োগ প্রমোশন এজেন্সির (আইপিএ) সব সেবা একক প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেন, ভূমি মন্ত্রণালয়ের সব সেবা ডিজিটাল হয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রে ভূমি মিউটেশন এক সপ্তাহের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে। তিনি বলেন, বিনিয়োগকারীদের সর্বোচ্চ দ্রুততায় সেবা প্রদানের চেষ্টা করা হচ্ছে।

আইন মন্ত্রণালয়ের সচিব মো. লিয়াকত আলী মোল্লা বলেন, সেবা প্রদানের ক্ষেত্রে সততা এবং আন্তরিকতা অপরিহার্য। জনগণকে সেবার ফি সম্পর্কে সঠিকভাবে জানাতে হবে, যাতে কেউ হয়রানির শিকার না হয় এবং কোনো তৃতীয় পক্ষ সুবিধা নিতে না পারে।

মতামত দিন