জাতীয়
ছবি: সংগৃহীত

ঢামেকে একসঙ্গে ছয় সন্তানের জন্ম।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) এক ওয়ার্ডে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেন প্রিয়া নামে এক নারী। নবজাতক তিন ছেলে ও তিন মেয়ের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম হয়েছে।

ঢামেকের গাইনি বিভাগের ইউনিট-১ এর সহকারী অধ্যাপক ডা. আবিদা সুলতানা জানান, এটি আসলে একটি স্বাভাবিক ডেলিভারি নয়। ২৭ সপ্তাহের ইনএবিটেবল অ্যাবরশন বলা যায়। তার আগেও প্রিয়ার  একটি পরিপক্ব সন্তান হয়েছিল, কিন্তু তা ডেলিভারির সময় মারা যায়। সদ্যজাত ছয় শিশুর মধ্যে তিনটির ওজন ৮০০ গ্রাম, আর বাকিদের ওজন ৯০০ গ্রাম।

শিশুদের মধ্যে তিনজনকে ঢামেকের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে নেওয়া হয়েছে একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে।

ডা. আবিদা আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এই সময়কে ভয়াবহ বলা হয়। এমন অবস্থায় ডেলিভারি হওয়ায় শিশুদের বেঁচে থাকা বেশ কঠিন। এখন তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভাগ্য সহায় হলে সুস্থভাবে টিকে থাকতে পারবে।

চিকিৎসকের মতে, সাধারণত কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেই এমন ধরনের গর্ভধারণ ঘটে। এর ফলেই আগেভাগে সন্তান প্রসব হয়েছে।

এদিকে, রোগীর স্বজনরা জানান, চিকিৎসকরা তাদের প্রতি যথেষ্ট সহযোগিতা করছেন। এজন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মতামত দিন