জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকার ডিবি পুলিশের সাবেক প্রধানসহ ১৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার রয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব নাসিমুল গনির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তারা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) ধারা অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২(১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো।

বরখাস্তকালীন সময়ে কর্মকর্তারা খোরপোষ ভাতা পাবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে।

বরখাস্তকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন: মোহাম্মদ হারুন অর রশীদ, সঞ্জিত কুমার রায়, রিফাত রহমান শামীম, কাজী আশরাফুল আজীম, হাসান আরাফাত, সৈয়দ নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, মোহাম্মদ জায়েদুল আলম, মোহাম্মদ ফরিদ উদ্দিন, শ্যামল কুমার মুখার্জী, আয়েশা সিদ্দিকা, রাজন কুমার দাস, মির্জা সালাউদ্দিন, মো. হাবিবুল্লাহ দালাল, রাশেদুল ইসলাম, মো. মনিরুজ্জামান, মো. আবু মারুফ হোসেন ও মহা. আশরাফুজ্জামান।

মতামত দিন