জাতীয়
ছবি: সংগৃহীত

দেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রস্তুত।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজার বিমানবন্দর এখন আন্তর্জাতিক রূপ নিচ্ছে। আগামী ২ অক্টোবর থেকে সমুদ্রের ধারে আন্তর্জাতিক ফ্লাইট উড়ান শুরু হবে।

রানওয়ে সম্পূর্ণ প্রস্তুত হলেও, টার্মিনাল ভবন ও যাত্রীসুবিধা সম্পর্কিত কিছু কাজ এখনও বাকি, যা দ্রুত শেষ করার জন্য দিনরাত শ্রমিক ও প্রকৌশলীরা কাজ করছেন।

বিমানবন্দর সম্প্রসারণের অংশ হিসেবে রানওয়ে দীর্ঘ হয়েছে ১০ হাজার ৭০০ ফুট, যা দেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ে। প্রজেক্ট কো-অর্ডিনেটর এম. মোশাররফ হোসেন জানান, বর্ধিত অংশের পেইন্টিং কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই সমাপ্ত করা সম্ভব হবে।

সিএএবি উপ-সহকারী প্রকৌশলী মো. মঈনুদ্দিন বলেন, টার্মিনাল ভবনের সকল কাজ ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ হবে। বিশেষজ্ঞরা আশা করছেন, আন্তর্জাতিক মানের বিমানবন্দর কক্সবাজারের পর্যটন ও অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

এভিয়েশন বিশেষজ্ঞ নাফীস ইমতিয়াজ উদ্দিন মন্তব্য করেন, “বিমানবন্দর পরিচালনার জন্য প্রয়োজনীয় কাজ শেষ হয়েছে, তবে পুরো জেলার পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে।”

কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, দ্রুত উদ্বোধন জরুরি। একইসঙ্গে কাস্টমস, ইমিগ্রেশন ও বন্ডেড ওয়্যারহাউস সুবিধা নিশ্চিত করা হলে শহরের অর্থনীতিতে নতুন গতি আসবে।

২০২১ সালে শুরু হওয়া প্রকল্পটি দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কক্সবাজারকে প্রস্তুত করছে, যা আকাশপথে আন্তর্জাতিক সংযোগের মাধ্যমে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দেবে।

মতামত দিন