বিরল বোটলনোজ ডলফিনের মৃতদেহ ভেসে এল কুয়াকাটায়।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও একটি বিরল বোটলনোজ ডলফিনের মৃতদেহ ভেসে এসেছে। প্রায় ৮ ফুট দৈর্ঘ্যের এই ডলফিনের পুরো শরীরে চামড়া উঠা এবং পচন ধরেছে, যার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু প্রথমবার এই ডলফিনটি দেখতে পান। কুয়াকাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদিক ঘটনাস্থল পরিদর্শন করে জেলেদের আরও সতর্ক থাকার আহ্বান জানান এবং দ্রুত ডলফিনটি মাটিচাপা দেওয়ার নির্দেশ দেন।
ওয়ার্ল্ডফিশ-এর গবেষক বখতিয়ার উদ্দিন জানান, মৃত ডলফিনের বিষক্রিয়ার চিহ্ন না পাওয়ায় ট্রল জেলেদের অসাবধানতা এবং সমুদ্রে প্লাস্টিকের কারণে এ ধরনের মৃত্যুর সম্ভাবনা বেশি। ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে মৃত্যুর কারণ গভীরভাবে অনুসন্ধানের আহ্বান জানান।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, দ্রুত দুর্গন্ধ রোধে মাটিচাপার ব্যবস্থা নেয়া হচ্ছে।

মতামত দিন