জাতীয়
ছবি: সংগৃহীত

বিমানের ঢাকা-জাপান সরাসরি ফ্লাইট বন্ধ হচ্ছে ১ জুলাই থেকে।

নিজস্ব প্রতিবেদক:

চালু হওয়ার দেড় বছরের মাথায় বন্ধ হয়ে যাচ্ছে ঢাকা থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট। বৃহস্পতিবার (২৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমান।

তিনি জানান, আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট বন্ধ করে দিচ্ছে বিমান। একাধিক দফায় রুটটি পর্যালোচনার পর বোর্ড সিদ্ধান্তে পৌঁছেছে, এটি আর্থিকভাবে লাভজনক নয়। তাই এই ফ্লাইট চালু রাখা সম্ভব হচ্ছে না।

এছাড়া তিনি আরও বলেন, বিমান বর্তমানে বোয়িং ও এয়ারবাস—দু’টি প্রতিষ্ঠানের কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার প্রস্তাব পর্যালোচনা করছে। তবে নতুন উড়োজাহাজ আসতে দেরি হওয়ায় আপাতত দুটি এয়ারক্রাফট লিজ নেয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে গত ১৮ মে বিমান জানিয়েছিল, হজ ফ্লাইট পরিচালনা, উড়োজাহাজ সংকট এবং ব্যবসায়িক বাস্তবতার কারণে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। ১ জুলাইয়ের পর যেসব  যাত্রীর টিকিট কাটা আছে, তারা চাইলে কোনো প্রকার অতিরিক্ত খরচ ছাড়াই অর্থ ফেরত নিতে পারবেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কিন্তু তা দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা গেল না। ফলে এখন থেকে জাপানে সরাসরি বিমানে ভ্রমণের আর কোনো বিকল্প থাকছে না বাংলাদেশের যাত্রীদের জন্য।

মতামত দিন