ঢাকার নদী রক্ষায় এক মাসের মধ্যে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর।
রাজধানী ঘিরে থাকা নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এক মাসের মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীর পরিবেশ পুনরুদ্ধারে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ সংরক্ষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি জানান, দূষণের প্রধান উৎসগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে একটি বাস্তবভিত্তিক পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। আগামী এক মাসের মধ্যেই সেই পরিকল্পনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিতে হবে।
সভায় শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে প্রতিটি শিল্পপ্রতিষ্ঠানে কার্যকর এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে, যাতে অপরিশোধিত শিল্পবর্জ্য কোনোভাবেই নদীতে না পড়ে।
আবদুস সালাম বলেন, নদী রক্ষা মানে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষা। তাই সরকারি নির্দেশনা অমান্য করে যারা নদীদূষণে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, প্রথম ধাপে ঢাকার চারপাশের নদীগুলোকে অগ্রাধিকার দেওয়া হলেও পরবর্তীতে দেশের অন্যান্য নদী দূষণমুক্ত করতেও একই ধরনের উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
মতামত দিন