জাতীয়
ছবি: সংগৃহীত

অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কঠোর নজরদারির নির্দেশ ডিএমপি কমিশনারের।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার ডিএমপি সদরদপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে হবে। পাশাপাশি থানাগুলোকে দালালমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

ডিএমপি কমিশনারের মতে, কোনো এলাকায় অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি বাড়ানোরও আহ্বান জানান তিনি।

সভায় তিনি আরও বলেন, দায়িত্বশীল ও সফল কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে পুরস্কার দেওয়া হবে। তবে শৃঙ্খলাভঙ্গ, দায়িত্বে অবহেলা কিংবা পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম আসন্ন পবিত্র আশুরাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ধর্মীয় কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানের একপর্যায়ে মে মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবায় বিশেষ অবদান রাখা ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

মতামত দিন