জাতীয়
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

একই সময়ে সারা দেশে এক হাজারের বেশি শিশুর শরীরে রোগটির উপসর্গ শনাক্ত হয়েছে। তবে এই সময়ের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা পাওয়া যায়নি।

রোববার (১৪ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট চার শিশুর মৃত্যু হয়েছে।

সবশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৬০ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আরও ৯২ শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে। ফলে এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫২ জনে।

নতুন আক্রান্তের চিত্রও উদ্বেগ বাড়াচ্ছে। গত একদিনে ১ হাজার ৫২ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। অন্যদিকে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৭৫ জন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ৮৫ হাজার ৯৫১ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের মধ্যে ১০ হাজার ৩২৩ জনের সংক্রমণ পরীক্ষায় নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাসপাতালভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, এ সময়ের মধ্যে ৭০ হাজার ৫৭৯ শিশুকে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাদের মধ্যে ৬৬ হাজার ৮৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

মতামত দিন