কৃষি ও কৃষক
ছবি: সংগৃহীত

মধ্যনগরে বাঁধ ভেঙে আবারও বোরো ফসল ঝুঁকিতে, আতঙ্কে কৃষকরা।

নিজেস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ফসলরক্ষা বাঁধ নিয়ে আতঙ্ক কাটতে না কাটতেই আবারও নতুন করে বাঁধ ভাঙার ঘটনা ঘটেছে। এতে করে হাওরাঞ্চলের কৃষকদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার জিনারিয়ার হাওরের একটি অংশে বাঁধ ভেঙে যায়। স্থানীয়দের মতে, বৌলাই নদীর পানির প্রবল চাপে চামারদানী ইউনিয়নের মোকশেদপুর গ্রামের পাশে থাকা মাটির বাঁধটি ভেঙে পড়ে। এরপর দ্রুতগতিতে হাওরে পানি ঢুকতে শুরু করে।

এ ঘটনায় অন্তত ১০ হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

এর আগের দিন মঙ্গলবার সকালে সুমেশ্বরী নদীর শাখা মনাই নদীর প্রবল স্রোতে ইকরছড়ি (এরনবিল) হাওরের জামখলা খালের একটি বাঁধ ভেঙে প্রায় ৫০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। এক দিনের ব্যবধানে আবারও একই ধরনের ঘটনা ঘটায় কৃষকদের দুশ্চিন্তা আরও বেড়েছে।

স্থানীয় কৃষকদের দাবি, জিনারিয়া হাওরের মোকশেদপুর, দরাপপুর, আছানপুর ও হরিপুর গ্রামের অন্তত ২৬ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এর মধ্যে অনেকেই ইতোমধ্যে আংশিক ফসল কেটে ফেললেও বাকি জমি নিয়ে অনিশ্চয়তায় আছেন।

তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, ভেঙে যাওয়া অংশটি মূল ফসলরক্ষা বাঁধের অংশ নয়, বরং একটি ছোট মাটির বাঁধ।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, এটি ফসলরক্ষা বাঁধের আওতাভুক্ত নয়, বরং নদীর তীরের একটি ক্ষুদ্র অংশ ভেঙেছে।

অন্যদিকে মধ্যনগর উপজেলা প্রশাসন জানিয়েছে, কিছু এলাকায় পানি ঢুকলেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা এখনো তৈরি হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ বলেন, বর্তমানে আংশিক ফসলের ক্ষতির সম্ভাবনা থাকলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম।

মতামত দিন