হজ ফ্লাইটে এখন পর্যন্ত ৩৯ হাজারের বেশি বাংলাদেশি পৌঁছেছেন সৌদি আরবে।
চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৯৮টি ফ্লাইটে ৩৯ হাজারের বেশি যাত্রী সেখানে পৌঁছেছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
হজ ব্যবস্থাপনা সূত্রে জানা যায়, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৩২৩ জন হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন।
ফ্লাইট পরিচালনায় অংশ নিয়েছে তিনটি এয়ারলাইনস—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স। এর মধ্যে বিমান বাংলাদেশ ৪৪টি, সৌদি এয়ারলাইন্স ৩৬টি এবং ফ্লাইনাস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
মৃত ৭ জন হজযাত্রীর সবাই পুরুষ। তাদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।
সর্বশেষ মৃত্যুর ঘটনায় মদিনায় মারা যান রংপুর জেলার কোতোয়ালি এলাকার বাসিন্দা মো. শামসুল আলম (৬৩)। তিনি সরকারি ব্যবস্থাপনায় হজ করতে গিয়েছিলেন এবং চলতি মৌসুমে এটি সরকারি ব্যবস্থাপনায় প্রথম মৃত্যুর ঘটনা।
এর আগে ২৭ এপ্রিল মদিনায় জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) এবং একই দিনে মক্কায় শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮) মারা যান।
এর পাশাপাশি ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলা এলাকার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) ইন্তেকাল করেন।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন