ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান।
পবিত্র রমজান মাসের তৃতীয় দশক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী দেশটিতে আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ১৯ মার্চ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা খুব কম। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে অনুযায়ী ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে পাকিস্তানের কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি। বিষয়টি জানিয়েছে জিও নিউজ।
বুধবার (১১ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে সুপারকো জানায়, ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের নতুন চাঁদ ১৯ মার্চ পাকিস্তান সময় সকাল ৬টা ২৩ মিনিটে জন্ম নেওয়ার কথা। সেদিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১২ ঘণ্টা ৪১ মিনিট।
এ ছাড়া উপকূলীয় অঞ্চলে সূর্যাস্তের পর নতুন চাঁদ আকাশে প্রায় ২৮ মিনিট অবস্থান করতে পারে বলেও জানানো হয়েছে। তবে এই সময়সীমা চাঁদ দেখার জন্য যথেষ্ট নাও হতে পারে বলে ধারণা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
এই হিসাব অনুযায়ী ১৯ মার্চ চাঁদ দেখা না গেলে শাওয়াল মাসের প্রথম দিন ধরা হবে ২১ মার্চ। ফলে ওই দিনই পাকিস্তানে রমজান শেষে ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে চাঁদ দেখা সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা দেওয়ার দায়িত্ব পাকিস্তানের কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটির ওপরই থাকবে বলে জানিয়েছে সুপারকো।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে মুসলমানরা এক মাস রোজা পালনের পর ঈদুল ফিতর উদযাপন করেন। ইসলামি ক্যালেন্ডার চাঁদের গতির ওপর নির্ভরশীল হওয়ায় রমজান মাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে এবং প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রায় ১০ দিন আগে শুরু হয়।

মতামত দিন