শাবান মাস শুরু হবে বুধবার, ৩ ফেব্রুয়ারি রাতে পালিত হবে পবিত্র শবে বরাত।
হিজরি ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ মাস শাবানের সূচনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সোমবার সন্ধ্যায় দেশের কোথাও নতুন চাঁদের দেখা না পাওয়ায় শাবান মাস এক দিন পিছিয়ে শুরু হচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সোমবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।
সভায় উপস্থাপিত বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী—জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা সংস্থার পর্যবেক্ষণে বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি।
এর ফলে আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে হিজরি ১৪ শাবান পূর্ণ হবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এবং ওই দিন দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শাবান মাসের ১৪ তারিখের রাত মুসলমানদের কাছে বরাত বা সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এই রাতের মধ্য দিয়েই মূলত পবিত্র রমজানের প্রস্তুতির আবহ তৈরি হয়। শাবানের পরই শুরু হয় রমজান মাস, যা ইসলামে বিশেষ তাৎপর্যপূর্ণ।
মতামত দিন