আবহাওয়া
ছবি: সংগৃহীত

সিলেটে ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেটে শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত তীব্র ঝড়, শিলাবৃষ্টি এবং প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে জনজীবন গুরুতরভাবে ব্যাহত হয়েছে। বহু এলাকায় ঘরবাড়ির টিন উড়ে যাওয়াসহ গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, ২৪ ঘণ্টার মধ্যে শহরে ৭১.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যার পরবর্তী তিন ঘণ্টায় আরও ১২.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ রুদ্র তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, ঝড়ের কারণে অনেক পরিবারকে বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে। ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভাঙা গাছ ও বিদ্যুৎ লাইনের ওপর পড়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেছে। এছাড়াও নগরীর নিম্নাঞ্চলগুলোতে জল জমে গেছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, কানাইঘাটে ঝড়ের সময় ঘরের টিন উড়ে যাওয়ার কারণে এক শিশু আতঙ্কিত হয়েছে। চৌকিদেখি এলাকায় ট্রান্সমিটারের কাছে গাছ ভেঙে পড়ায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায়ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন