দেশের বিভিন্ন স্থানে আবারও শিলাবৃষ্টির আশঙ্কা, কয়েকদিন থাকতে পারে ঝড়-বৃষ্টি।
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করা একটি লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরের মৌসুমি লঘুচাপের প্রভাবে এমন আবহাওয়া তৈরি হচ্ছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার সিলেট বিভাগের কয়েকটি স্থানে এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
বুধবারের পূর্বাভাস অনুযায়ী, দেশের আট বিভাগেরই দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।
মতামত দিন