আবহাওয়া
ছবি: সংগৃহীত

মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের কয়েকটি অঞ্চলে আগামী মঙ্গলবার (১৭ মার্চ) পর্যন্ত বিচ্ছিন্নভাবে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, প্রাক-মৌসুমি বায়ুর প্রভাবেই এ ধরনের আবহাওয়া তৈরি হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, এই সময়ের বৃষ্টিপাত সাধারণত দীর্ঘস্থায়ী হয় না এবং পরিমাণও খুব বেশি হওয়ার সম্ভাবনা থাকে না। স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হয়ে স্বল্প সময়ের জন্য কালবৈশাখী ধরনের ঝড়-বৃষ্টি হওয়ার প্রবণতাই এখন বেশি দেখা যাচ্ছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে কালবৈশাখী শুরু হয়েছে এবং মঙ্গলবার পর্যন্ত কিছু জায়গায় এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। তিনি জানান, স্থানীয়ভাবে মেঘ জমে অল্প সময়ের জন্য ঝড়-বৃষ্টি হওয়া এই মৌসুমের স্বাভাবিক বৈশিষ্ট্য। রাজধানীর আশপাশে মেঘের সৃষ্টি হলেও আজ বৃষ্টি হয়নি, তবে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির ঘটনা ঘটতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে নওগাঁর বদলগাছিতে, যেখানে ৪৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া দিনাজপুরে ১৮ মিলিমিটার, বগুড়ায় ১৪ মিলিমিটার এবং ফেনীতে ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে, ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

মতামত দিন