আবহাওয়া
ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ার মধ্যে ঈদযাত্রা, বৃষ্টির আশঙ্কা পুরো সপ্তাহজুড়েই।

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে গত কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বিরাজ করছে। এই বৈরী আবহাওয়ার মধ্যে শুরু হয়ে গেছে ঈদুল আজহার আগে ঘরমুখো মানুষের যাত্রা।
সরকারি ছুটি শুরুর সঙ্গে সঙ্গে এই চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি কোরবানির পশু কেনাকাটার মৌসুম থাকায় আবহাওয়া পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এখন দেশে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। ফলে আগামী ২ জুন পর্যন্ত সারা দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে বৃষ্টিপাত একেবারে থেমে যাবে না। সপ্তাহজুড়ে দেশের আট বিভাগেই এই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, "গত কয়েক দিন ধরে দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই ধারা আরও কিছুদিন চলবে। যদিও রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে কম থাকবে।"

তিনি আরও জানান, "সোমবার (২ জুন) থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে, তবে পুরোপুরি বন্ধ হবে না। ঈদের দিনও দেশের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তবে কতটা এবং কোথায় বৃষ্টি হবে, তা নির্দিষ্টভাবে বলা যাবে ঈদের তিন দিন আগে।"

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকার কারণে গরম ও অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হবে। ২ জুনের পর গরম বাড়তে পারে এবং ৭ জুনের পর তাপমাত্রা ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।

এই প্রেক্ষাপটে ঈদযাত্রা এবং কোরবানির প্রস্তুতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামমুখী মানুষেরা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

মতামত দিন