অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া; বন্দরে সতর্ক সংকেত জারি।
ভারতের অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। আগামী ২৮ অক্টোবর উপকূলটি অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৮ কিলোমিটার। দমকা হাওয়ার আকারে তা ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। ফলে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের আশপাশের সমুদ্র বেশ বিক্ষুব্ধ রয়েছে।
ভোর ৩টার পর্যবেক্ষণ অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি। তখন এর কেন্দ্র ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৫ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে দূরে থাকলেও এর অবস্থান ও গতিপথের ওপর নজর রাখছে আবহাওয়া কর্তৃপক্ষ।
বাংলাদেশের চার সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড়টির দূরত্বের হিসাবে, চট্টগ্রাম বন্দর থেকে কেন্দ্রটি প্রায় ৯৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল। কক্সবাজার থেকে এর দূরত্ব ছিল ৯৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। অন্যদিকে মোংলা ও পায়রা বন্দর থেকে ঘূর্ণিঝড়টি প্রায় ৮৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়টি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে আবহাওয়াগত পরিস্থিতির পরিবর্তনে এর গতিপথ ও শক্তিতেও পরিবর্তন আসতে পারে। তাই পরবর্তী বুলেটিনের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সমুদ্রে থাকা জেলেদের আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার পাশাপাশি নৌযান পরিচালনায় বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।
মতামত দিন