উত্তর বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত জারি।
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলজুড়ে আবহাওয়া খারাপ হয়ে উঠেছে। কুয়াকাটা সংলগ্ন সাগরও উত্তাল রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘলা। জেলার বিভিন্ন স্থানে গত দুই দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি আরও ঘনীভূত হলে উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝড়ো হাওয়া হতে পারে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
পটুয়াখালীসহ খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মতামত দিন