‘মেলোডি’ চকলেট উপহার ঘিরে মোদি-মেলোনি আলোচনায়।
ইতালি সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির হাতে ‘মেলোডি’ টফির প্যাকেট তুলে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতার এই ব্যতিক্রমী মুহূর্ত ঘিরে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে ‘মেলোডি’ নামের জনপ্রিয় ট্রেন্ড।
রোমে দ্বিপাক্ষিক বৈঠকের পর মেলোনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তিনি জানান, প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে ‘মেলোডি’ নামের একটি বিশেষ টফি উপহার পেয়েছেন।
মূলত মোদি ও মেলোনির নাম মিলিয়ে আগে থেকেই অনলাইনে ‘মেলোডি’ নামে একটি মজার ট্রেন্ড চালু ছিল। সেই বিষয়টিকেই ভিন্নভাবে উপস্থাপন করেন মোদি। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে ইতালিতে পৌঁছালে মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিকে স্বাগত জানিয়ে তাকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। সফরকালে দুই নেতা নৈশভোজে অংশ নেন এবং রোমের ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন করেন। পরে মোদি জানান, দুই দেশের সম্পর্ক আরও জোরদারে আলোচনা অব্যাহত থাকবে।
এদিকে এই ঘটনা প্রভাব ফেলেছে ভারতের শেয়ারবাজারেও। ভিডিও ভাইরাল হওয়ার পর অনেক বিনিয়োগকারী ‘পার্লে’ নামের কোম্পানির শেয়ার খুঁজতে শুরু করেন। কারণ জনপ্রিয় ‘মেলোডি’ টফি তৈরি করে ভারতের পরিচিত খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান পার্লে প্রোডাক্টস।
তবে বিভ্রান্তিতে পড়ে অনেকেই কিনে ফেলেন পার্লে ইন্ডাস্ট্রিজ নামের অন্য একটি প্রতিষ্ঠানের শেয়ার, যার সঙ্গে টফি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। তবুও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।
মতামত দিন