আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সীমান্তে কাঁটাতার নির্মাণে বিএসএফকে ২৭ কিলোমিটার জমি দিল শুভেন্দু সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

পশ্চিমবঙ্গ সরকার ভারত–বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারে নতুন পদক্ষেপ নিয়েছে। সীমান্তজুড়ে কাঁটাতার নির্মাণের কাজ এগিয়ে নিতে প্রায় ২৭ কিলোমিটার জমি বিএসএফ-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার আনুষ্ঠানিকভাবে জমি বুঝিয়ে দেওয়ার সময় সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো, নজরদারি বাড়ানো এবং অসম্পূর্ণ কাঁটাতারের কাজ দ্রুত শেষ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ভারত–বাংলাদেশ সীমান্তের বড় অংশ পশ্চিমবঙ্গের মধ্যে পড়লেও এখনো অনেক এলাকায় কাঁটাতার নির্মাণ শেষ হয়নি। তার দাবি, আগের প্রশাসনের সময় প্রয়োজনীয় জমি হস্তান্তর না হওয়ায় সীমান্ত সুরক্ষার কাজ আটকে ছিল।

তিনি আরও বলেন, সীমান্তপথে অনুপ্রবেশ, অপরাধ ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। তাই সীমান্ত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জমি হস্তান্তরের প্রক্রিয়া বহুদিন ঝুলে থাকার পর সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বিষয়টি নতুন করে গতি পায়।

রাজ্য প্রশাসন জানিয়েছে, বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা অবকাঠামো দ্রুত সম্প্রসারণে বিএসএফকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

উল্লেখ্য, ভারতবাংলাদেশ-এর মধ্যে চার হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। এর বেশিরভাগ অংশে কাঁটাতার নির্মাণ সম্পন্ন হলেও কিছু এলাকায় কাজ এখনও বাকি আছে।

মতামত দিন