বন্যা ও ভূমিধসে চীনে ২২ জনের মৃত্যু, নিখোঁজ ২০।
চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে কয়েক দিনের রেকর্ড বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যা, ভূমিধস ও অবকাঠামো বিধ্বস্ত হওয়ায় এখন পর্যন্ত ২২ জনের প্রাণ গেছে, নিখোঁজ রয়েছেন আরও ২০ জন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গুয়াংসি অঞ্চলে শনিবার সন্ধ্যায় ফুলে ওঠা নদী পার হওয়ার সময় একটি ট্রাক তলিয়ে যায়, যাতে ১০ জন মারা যান। হুনান প্রদেশে পাঁচজন নিহত ও ১১ জন নিখোঁজের পাশাপাশি সাড়ে ৬১ হাজারের বেশি মানুষ ক্ষতির মুখে পড়েছেন। গুইঝৌতে চারজন নিহত ও পাঁচজন নিখোঁজ, হুবেইতে তিনজন প্রাণ হারিয়েছেন এবং কিছু গ্রামের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
তিনটি প্রদেশ থেকে প্রায় ২৪ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বেইজিং ক্ষতিগ্রস্ত এলাকার জন্য ১২ কোটি এবং গুইঝৌর জন্য আলাদা তিন কোটি ইউয়ান জরুরি ত্রাণ ছাড় করেছে।
আগামী কয়েক দিনও ভারী বৃষ্টি চলতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে সতর্ক করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহারে বৈশ্বিক উষ্ণতা বাড়ায় এ ধরনের চরম আবহাওয়া এখন আরও ঘন ঘন ও তীব্রভাবে আঘাত হানছে।

মতামত দিন