সৌদিতে এক সপ্তাহে বহিষ্কার ১১ হাজারের বেশি প্রবাসী।
অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে সৌদি আরব থেকে এক সপ্তাহে ১১ হাজার ২৭২ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে আরও ৯ হাজার ৫৭৬ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থাও অংশ নেয়।
আটকদের মধ্যে চার হাজার ৮৬৫ জন আবাসন আইন ভঙ্গের অভিযোগে, তিন হাজার ৩১৯ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এবং এক হাজার ৩৯২ জন শ্রম আইন অমান্যের অভিযোগে ধরা পড়েন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বহিষ্কারের আগে দুই হাজার ৩১১ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের দূতাবাসে পাঠানো হয়েছে। এছাড়া ১১ হাজার ২২৬ জনের ভ্রমণসংক্রান্ত বুকিং প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে।
একই সময়ে অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় আরও দেড় হাজার মানুষকে আটক করা হয়। তাদের মধ্যে ৩৮ শতাংশ ইয়েমেনি, ৬০ শতাংশ ইথিওপীয় এবং বাকি দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
দেশ ছাড়ার অবৈধ চেষ্টার অভিযোগে আরও ৫৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন বা চাকরির সুযোগ করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ১২ জন।
বর্তমানে ২৬ হাজার ৬৩২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এদের মধ্যে ২৫ হাজার ৫৯ জন পুরুষ এবং ১ হাজার ৫৭৩ জন নারী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কাউকে অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তা করা, পরিবহন বা আশ্রয় দেওয়ার মতো অপরাধে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একই সঙ্গে এ ধরনের কাজে ব্যবহৃত যানবাহন ও স্থাপনাও জব্দ করা হবে।
আইন লঙ্ঘনের তথ্য জানাতে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন